বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার স্বীকারোক্তি দিলো তার চাচাতো ভাই নাইম
বগুড়ার শিবগঞ্জে ছয় বছরের শিশু সাদিয়া আকতারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃত তার আপন চাচাতো ভাই ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র নাইম হোসেন (১৪)। ধর্ষণের পর ঘটনা ফাঁস হওয়ার ভয়ে হত্যা করা হয়েছে মর্মে জবানবন্দী দিয়ে শুক্রবার বিকেলে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসমা মাহমুদের কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় গ্রেফতার হওয়া নাইম।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাকুরতলা গ্রাম থেকে গ্রেফতারের পর নাইম পুলিশের কাছেও প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ঘটনার স্বীকারোক্তি দিয়েছিলো নাইম। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু সাদিয়া আকতার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের তালিবপুর পূর্বপাড়া গ্রামের দিনমজুর শাহিনুর রহমানের মেয়ে। সে স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। সাদিয়া বুধবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫শ গজ দূরে একটি আলু ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিশুর বাবা শাহিনুর রহমান শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি জানার পর পরই জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), শিবগঞ্জ থানা এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সন্মিলিত অভিযানে দ্রুততম সময়ে ঘটনার রহস্য উন্মোচিত করে আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
শিবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আরো জানান, হত্যাকান্ডের সাথে সাদিয়ার আপন চাচাতো ভাই একই গ্রামের নান্নু প্রামানিকের ছেলে নাইম হোসেন জড়িত। সে স্থানীয় দেউলী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই নাইম জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সে তার চাচাতো বোন সাদিয়াকে বাড়ির কাছে একটি আলুেেত নিয়ে যায়। সেখানে সে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। সাদিয়া ঘটনাটি ফাঁস করে দিতে পারে এ ভয়ে চাকু দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী পিপিএম জানান, জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে আসামী নাইমকে গ্রেফতারের পর গত শুক্রবার আদালতে হাজির করা হয় এবং সে সকল ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে মামলার বাকি কার্যক্রমের অগ্রগতির জন্য মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার কে দায়িত্ব দেয়া হয়েছে।

ষ্টাফ রিপোর্টার