বগুড়া গাবতলীতে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার
বগুড়ার গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হিন্দু পাড়ায় হামলার অভিযোগে সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জহুরুল সাবেকপাড়া গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে সোমবার রাতে জহুরুলকে গ্রেফতার করা হয় যা মঙ্গলবার নিশ্চিত করেন গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
জানা যায়, সোমবার ৬ষ্ঠ ধাপের নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোনারায় ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে দক্ষিণ সাবেক পাড়া এলাকার হিন্দু পাড়ায় হামলার ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার সার্বজনীন দূর্গা মন্দিরের গেট ভাংচুর ও ৫ টি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি হামলাকারিরা ওই সময় ৩ টি দেশিয় বোমা ককটেল বিষ্ফোরণও ঘটিয়েছিল।
ঘটনার পরে ওই এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী উজ্জল কুমার দাস বাদী হয়ে গাবতলী থানায় মামলা দায়ের করেছিলেন৷
মামলায় তিনি, নির্বাচিত ইউপি সদস্য জহরুল ইসলামের বিরুদ্ধে মন্দির ভাংচুর ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া অভিযোগ আনেন৷
উক্ত প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যার পর জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গাবতলীর উক্ত ঘটনার পর প্রধান অভিযুক্ত কে গ্রেফতার করে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় বর্তমানে নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তিনি কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। একই সাথে উক্ত ঘটনায় প্রত্যক্ষভাবে আর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে কাউকেই ছাড় দেয়া হবে না।

ষ্টাফ রিপোর্টার