পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক বুলেটের নামে স্মৃতি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক আজাহারুল হক প্রধান বুলেটের নামে পঞ্চগড় পৌরসভার একটি সড়কের নামকরণের স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কের নামকরণের স্মৃতিফলক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র জাকিয়া খাতুন।
এসময় প্রয়াত সাংবাদিক বুলেটের ছোট বোন ফরিদা আক্তার বিউটি ও তাসনুজা প্রধান পপলিকা, ভগ্নিপতি মোখলেছার রহমান লাবু, নারী পৌর কাউন্সিলর বিউটি বেগম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সহ সভাপতি সামসউদ্দীন চৌধুরী কালামসহ গণমাধ্যম কর্মী ও প্রয়াত সাংবাদিক বুলেটের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক আজাহারুল হক প্রধান বুলেট ১৯৯৬ সালের ২ মার্চ রাতে গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট থেকে পঞ্চগড় শহরে আসার পথে পঞ্চগড়-চাকলাহাট সড়কের চছপাড়া এলাকায় মর্মান্তি সড়ক দূর্ঘটনায় নিহত হন। দূর্ঘটনাস্থলে পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রয়াত সাংবাদিক বুলেটের পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কাঁচাবাজার সড়কটি বুলেট স্মৃতি সড়ক নামকরণ করা। পঞ্চগড় প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে পঞ্চগড় পৌর পরিষদের জানুয়ারি মাসের সাধারণ সভায় ওই সড়কটি প্রয়াত সাংবাদিক বুলেট স্মৃতি সড়ক নামকরণের অনুমোদন দেয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি