সিএনজি-অ্যাম্বুলেন্স সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মচারী আজাদুজ্জামান মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুজ্জামান মোল্লা সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সিএনজি চালিত অটোরিক্সায় সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে পাবনায় যাওয়ার সময় সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজাদুজ্জামানের মৃত্যু হয়। দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক