হিলিতে হিড়িক পড়েছে মোটরসাইকেল চুরির, আতঙ্কে এলাকাবাসী
দিনাজপুরের হিলিতে হিড়িক পড়েছে মোটরসাইকেল চুরির। ৩ দিনে ৩ টি সহ ৬ টি মোটরসাইকেল চুরির ঘটনায় হিলিবাসীর আতঙ্ক। নেই পুলিশি ব্যবস্থা, পুলিশের ভুমিকা নিয়ে নানা মুখি প্রশ্ন। চুরির ঘটনায় নেই কোন উদ্ধার বা চোরদের আটকের পাঁয়তারা। মসজিদ, জানাজা নামাজ আদায়ের সময়সহ গভীররাতে বাড়ি থেকে চুরির ঘটনা ঘটছে।
জানা যায়, গত ৬ অক্টোবর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এশার নামাজ আদায়ের জন্য তার ব্যবহৃত হিরো হাংক ১৫০ সিসি মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। আবার ২৬ আগষ্ট ডাঙ্গাপাড়া বাজারের ফুরুক হোসেনের ব্যবহৃত গ্রামার মোটরসাইকেলটি বাজার থেকে চুরি হয়। ২৭ আগষ্ট নবাবগঞ্জের ধিয়াস গ্রামের ফারুক হোসেন হিলির নয়াপাড়া গ্রামে একটি জানাজায় এসে তার ব্যবহৃত হিরো গ্রামার মোটরসাইকেলটি চুরি হয়। ২৮ আগষ্ট পৌর এলাকার মধ্যবাসুদেবপুর মহল্লার দৈনিক আমার সংবাদ হাকিমপুর প্রতিনিধি তারিকুল সরকারের বাড়ি থেকে গভীররাতে তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। গত ২ জুন পৌর এলাকার ধরন্দা গ্রামের মঈনুল ইসলামের ব্যবহৃত সুজুকি হায়াতে মোটরসাইকেলটি দিন দুপুরে স্থলবন্দর এলাকা থেকে চুরি হয়। গত ১৫ মার্চ পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার আতাউর রহমান মিলন তার ব্যবহৃত ডিসকাভার ১৩৫ সিসি মোটরসাইকেলটি হিলি চেকপোস্ট গেট জামে মসজিদের সামনে রেখে নামাজ আদায়ে মসজিদে প্রবেশ করলে মোটরসাইকেলটিও চুরি হয়। চোর চক্রের সদস্যরা এভাবে মোট ৬ টি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। এসব চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকরা হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেন। তবে অভিযোগ করলেও থানা পুলিশ কোন মোটরসাইকেল বা আসামি আটক করতে পারেনি।
ভুক্তভোগী রাশেদুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দায়ের করেছি কিন্তু থানা পুলিশের কোন ভুমিকা নেই।
ডাঙ্গাপাড়া বাজারের ফারুক হোসেন জানান, আমি এ মামলার আই ও এস আই মোস্তাফিজুর রহমানের সঙ্গে গত শনিবারও কথা বলেছি তিনি জানান চেষ্টা অব্যাহত রয়েছে।
নবাবগঞ্জের ফারুক হোসেন জানান, এব্যাপারে আমি হাকিমপুর থানায় জিডি দায়ের করলেও এপর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কোন রকম যোগাযোগ করেনি।
তারিকুল সরকার জানান, মামলার আই ও এস আই জুয়েল রানা বলেন, এপর্যন্ত কোন ট্রেস করতে পারিনি তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
মঈনুল ইসলাম জানান, থানায় অভিযোগ দায়েরের পর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পরও পুলিশের ভুমিকা না থাকায় পুলিশের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে।
আতাউর রহমান মিলন জানান, পুলিশের কোন পদক্ষেপ নেই। কোন গুরুত্বও নেই। এটাকে পুলিশ ফোর সাবজেক্ট মনে করছেন। এভাবে পুলিশের প্রতি আস্থা কেমন করে থাকে?
এবিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, এখনো কোন চোরাই মোটরসাইকেল উদ্ধার কিংবা কোন চোরকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ