শিশু নির্যাতনের দায়ে ব্যবসায়ী ও সাবেক বিডিআর সদস্য সম্রাট গ্রেফতার
তৃতীয় শ্রেণির পড়ুয়া শিশুকে বেঁধে রেখে নির্যাতন ও তার দাদাকে মারপিটের পর দু’ পুলিশ সদস্যকে মারধর করে গ্রেফতার হলেন ব্যবসায়ী ও সাবেক বিডিআর সদস্য ফরহাদ হোসেন সম্রাট। শিশুটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে আহত দু’ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত সম্রাটের বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধর, সরকারি কাজে বাঁধা প্রদান ও শিশু নির্যাতনে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটেছে।
তৃতীয় শ্রেণির পড়ুয়া ছাত্রটি বেলা ৩ টার দিকে নদীর ধাঁরে খড়ি কুঁড়াতে থাকে। আর নদীর তীরভূমিতেই গ্রেফতারকৃত সম্রাটের ব্যবসা প্রতিষ্ঠান ও কিছু গাছ লাগানো রয়েছে। ওই শিশুটির কুঁড়ানো খড়ির ডাল সম্রাটের গাছের দাবী করে তার লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে দোকানের ভিতরে বেঁধে রাখে এবং বেধরক মারপিট করে। এ খবর পেয়ে ওই শিশুটির দাদা শ্রী কৈলাশ চন্দ্র রায় তার নাতিকে রক্ষার্থে গেলে সম্রাট ও তার লোকজন তাকেও মারপিট ও ধাক্কা দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার জেলা বিশেষ শাখার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা সেখানে যায়। এসময় জেলা বিশেষ শাখার এএসআই শিশু ও তার দাদুকে ছেড়ে দিতে বললে ওই এএসআইকে মারধর করে গ্রেফতারকৃত সম্রাট। এগিয়ে এলে অপর একজন কনস্টবলকেও সে মারধর করে। এ সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ নিজেই থানা থেকে আরও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ শিশু ও তার দাদুকে উদ্ধার করে। শিশুটির অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দিকে আহত পুলিশ সদস্য দু’জন প্রাথমিক চিকিৎসা নেয়। পুলিশ সদস্যকে মারধর, সরকারি কাজে বাঁধা ও শিশু নির্যাতনের দায়ে ওই দোকানের ভিতর থেকে ব্যবসায়ী ও সাবেক বিডিআর সদস্য ফরহাদ হোসেন সম্রাটকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানায়। থানা সূত্র আরও জানায়- ওই সম্রাটকে এর আগেও রড চুরির দায়ে গ্রেফতার করা হয়েছিল।
নির্যাতিত শিশুটি রুপালী কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করে বলে জানা গেছে। শিশু জয়ন্ত চন্দ্র (১০) কেশবা গ্রামের অমল চন্দ্র রায়ের পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান- পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাঁধা প্রদানের অপরাধে সম্রাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নির্যাতিত শিশুটির পরিবারও মামলার প্রস্তুতি গ্রহণ করছে। তিনি আরও জানান- সম্রাটকে সম্প্রতি রড চুরির দায়ে আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করেছিল।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি