সৈয়দপুর শহরের সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান
নীলফামারীর সৈয়দপুর শহরের সড়ক দখলমুক্ত করতে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন, পৌরসভা পরিষদ ও পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর উপজেলা প্রশাসন, পৌরসভা পরিষদ ও পুলিশ প্রশাসন যৌথভাবে ওই অভিযান চালায়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক ও বঙ্গবন্ধু সড়কসহ প্রধান প্রধান সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি রকিফুল ইসলাম বাবুসহ পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, আজ থেকে শহরের সড়ক দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হলো। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উত্তর জনপদের একটি প্রাচীনতম বাণিজ্যিক ও ঘিঞ্জি শহর সৈয়দপুর। এমনিতেই ঘনবসতিপূর্ণ এ শহরের সড়কগুলো একেবারে অপ্রশস্ত। তারওপর আবার শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা ক্রেতাদের আকৃষ্ট করতে তাদের দোকানের সামনে সড়ক দখলে নিয়ে মালামাল রেখে বেচাবিক্রি করে আসছে। বর্তমানে এ শহরের কয়েকটি সড়কের অবস্থা দাঁড়িয়েছে যেন সড়ক হয়েছে দোকান আর দোকান হয়েছে গুদাম। এতে করে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, সামসুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক ও বঙ্গবন্ধু সড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও শহরের মধ্যদিয়ে চলে গেছে চিলাহাটি-খুলনা রেললাইন। প্রতিদিন এ রেলপথে ট্রেন চলাচলের কারণে শহরের দুইটি রেলগেটে দিনে রাতে বেশ কয়েকবার ব্যারিয়ার (গেট) ফেলতে হচ্ছে। আর তখন রেলগেট দুইটিতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় মারাত্মক যানজটের। যানজট দূরীকরণে শহরের বঙ্গবন্ধু চত্বরের রেলগেটটি প্রশস্ত করা হলেও বিন্দুমাত্র দূর হয়নি সেই সমস্যার। বর্তমানে যানজটের ফলে শহরে সড়কে যানবাহন নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা তো দূরের কথা, পায়ে হেঁটে চলায় দুষ্কর হয়ে পড়েছে। আর এ অসহ্য যানজটে পড়ে শহরবাসীকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। শহরের যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভাগ রয়েছে। কিন্তু জনবল সংকটসহ নানাবিধ কারণে শহরের যানজট নিয়ন্ত্রণে মাঝে মধ্যে অসহায় হয়ে পড়েন তারাও।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: