সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) বেলা ১১টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছাসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক ও আবু মো. শহিদুর রহমান।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুইটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় খালিশা ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং দ্বিতীয় খেলায় উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৩-২ গোলে আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-০ গোলে ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং দ্বিতীয় খেলায় হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
গতকাল চারটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল ও আখেরুজ্জামান আপেল। সহকারী রেফারী ছিলেন সহকারী শিক্ষক বজলুর করিম ও রুহুল আমিন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: