বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। সাক্ষরতার প্রসার করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো এ শ্লোগানে মুখরিত হয়ে গতকাল শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসন আয়োজিত ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৬৬ সালে বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। সাক্ষরতা বিস্তারে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়। শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে একটি বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করতে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ। গতবছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৭৪ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে এক বছরে দেশে সাক্ষরতার হার বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে অন্য দেশগুলো আজ অনুসরণ করছে। আমাদের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে। সাক্ষরতার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
সহকারি কমিশনার খালিদ বিন মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিম।
আরও বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী, সহকারি কমিশনার রেবেকা সুলতানা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সজিব মিয়া। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার