রাঙামাটিতে কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার, চালক গুলিবিদ্ধ
রাঙামাটিতে কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। সশস্ত্র সন্ত্রাসীদের আকস্মিক গুলিবর্ষণে কাঠভর্তি ট্রাকের চালক ছৈয়দ আলম বামপায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সোয়া নয়টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন বলেন, সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর দেপ্পোছড়ি এলাকার উঁচু রাস্তা বেয়ে উঠার সময় রাস্তার ডান পাশের জঙ্গল থেকে আকস্মিকভাবে ব্রাশ ফায়ার করা হয়। এতে ট্রাকের দুই চাকা ফেটে যায় এবং গাড়ির বডি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। এরপর আমি চালককে নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চলে আসি।
আহত চালক ছৈয়দের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত ছৈয়দকে হাসপাতালে আনার সাথে সাথেই আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছি এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় বেলা এগারোটার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ট্রাক চালকরা।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৫ জানুয়ারি এই দেপ্পোছড়ি এলাকায় কাঠবাহী চলন্ত ট্রাকে ব্রাশ ফায়ার করে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। তারও আগে গত বছর ২০২২ সালের ২ সেপ্টেম্বর শুক্রবার আসামবস্তী কাপ্তাই সড়কের বড় আদমের তঞ্চঙ্গ্যাপাড়ায় জেএসএস এর সহকারী কমান্ডার বিপ্লব চাকমা এবং কালেক্টর রিটন চাকমার নেতৃত্বে আনুমানিক ১০ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা পরিশোধ না করায় ০৬টি সিএনজি অটোরিকশা এবং ০১টি পাথর বোঝাই ট্রাক আটক করে। পরবর্তীতে সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে সিএনজি অটোরিকশাগুলো উদ্ধার করে।

অনলাইন ডেস্ক