অভিযোগকারিকেই শাস্তি দিল বিএডিসির কর্মকর্তা!
আদমদীঘি উপজেলার সান্তাহার বিএডিসির সারের বাফার স্টক গুদামের সহকারি পরিচালক (সার) ও গুদাম রক্ষকের বিরুদ্ধে সার সরবরাহের সময় বহিরাগত লোক মাধ্যমে ঘুষ গ্রহনের অভিযোগ করা এক ডিলারকে গুদাম পরিবর্তনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে বলে এমন অভিযোগ মিলেছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার নসরতপুরের বিএডিসি’র বীজ ও সার ডিলার সজিব সাহা ১৭ সেপ্টেম্বর সান্তাহার বিএডিসি’র বর্তমান ইনচার্য রবিউল হাসানের বিরুদ্ধে সার সরবরাহ করার সময় তার ভাইসহ দুই বহিরাগত লোক দিয়ে কালো দানার টিএসপি (তিউনিশিয়া থেকে আমদানি করা) সারের জন্য বস্তা প্রতি ৬০ থেকে ৮০ টাকা হারে ঘুষ গ্রহনের ঘটনা উল্লেখ করে উপজেলার নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দেয়।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি অফিসারকে দ্বায়ীত্ব দেন। এমন অবস্থায় ২৭ সেপ্টেম্বর স্মারক নং ২৩৬ পত্র মোতাবেক মোঃ কাজেম আলী (পরিচিতি নং ০২০১৭৬) যুগ্ম পরিচালক (সার) বগুড়া অঞ্চল বগুড়ার দপ্তর থেকে সান্তাহার বিএডিসি গুদাম থেকে সজীব সাহা নামক ডিলারের নিকট সার বিক্রয় ও সরবরাহ না করার জন্য সহকারি পরিচালক (সার) বিএডিসি সান্তাহারকে নির্দেশ প্রদান করে। কিন্ত এর কোন সুনির্দষ্ট কোন কারণ উল্লেখ করা হয়নি। সোমবার বগুড়া জেলা প্রশাসক বরাবরে দেওয়া অভিযোগ পত্র থেকে মিলেছে এই তথ্য।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বিএডিসি সান্তাহার এর সহকারি পরিচালক (সার) ও যুগ্ম পরিচালক বিএডিসি বগুড়া অঞ্চল কর্মকর্তা যোগসাজসের মাধ্যমে উদ্দেশ্যমুলক ভাবে ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সান্তাহার থেকে ৪০ কিলোমিটার দুরে অবস্থিত বগুড়ার পিএফজি-১ এবং পিএফজি-২ গুদাম থেকে সার বিক্রয় ও সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। এতে করে তার পরিবহন ব্যয় বহুগুনে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অভিযোগ পত্রে বলা হয়েছে সান্তাহার বিএডিসিতে কর্মরত সহকারি পরিচালক (সার) রবিউল হাসানের বাড়ি জয়পুরহাট জেলায়। আবার সান্তাহার বিএডিসি থেকে ওই জেলার ৫ উপজেলার ডিলারগন সার ক্রয় ও সরবরাহ নিয়ে থাকেন। এতে করে সার ক্রয় ও সরবরাহ কাজে স্বজনপ্রীতি হয় বেশী। আমার অভিযোগের পর জয়পুরহাট জেলার বীজ ও সার ডিলার সমিতি সান্তাহার বিএডসি’র সহকারি পরিচালক দ্বারা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করে, যার কোন ভিত্তি নাই। এবিষয়ে যুগ্ম পরিচালক (সার) বগুড়া অঞ্চল কাজেম আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে কোন ডিলারকে যে কোন সময় এক গুদাম থেকে আরেক গুদামে ন্যাস্ত করা আমার এখতিয়ার। তাছাড়া ডিলার সজীব সাহা সান্তাহার গুদামে বিশংখলা সৃষ্টি করেছে। কোন ডিলারকে গুদাম পরিবর্তনে কোন অভিযোগ বা সুনির্দ্দিষ্ট কারন লাগে না। তবে তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিএডিসি ডিলার সমিতি অভিযোগ দিয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: