সৈয়দপুরে গীর্জা দখলের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অ্যাসেমব্লীজ অব গডের একটি চার্চ (গীর্জা) জোরপূর্বক দখলের প্রতিবাদে মানবন্ধন করেছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গতকাল শনিবার (২ মার্চ) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানবন্ধন করা হয়।
বেলা সাড়ে ১২ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী মানুষেরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গির্জাটির ফাদার (পালক) সুজন সরকার ও নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০১৬ সালে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কয়াগোলাহাট এলাকার কয়া পশ্চিমপাড়ায় সাড়ে ১২ শতক একটি নিচু জমি কেনা হয়। পরে ২০২০ সালে তা ভরাটের করে সেখানে এ. জি চার্চ গড়ে তোলা হয়। এরপর সেখানে স্থানীয় শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন নিয়মিত প্রার্থনাসহ তাদের সকল ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি ওই জমি দাবী করে চার্চের একতলা ভবনসহ জবরদখল করে নেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ঠিকাদার আলহাজ¦ মো. জয়নাল আবেদীন। তিনি গত ৫ ফেব্রুয়ারী উল্লিখিত স্থানে ইট, বালু, রড নিয়ে এসে সেখানে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেন। এতে বাঁধা দিলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর চড়াও হয় তাঁর লোকজন ।
এ ঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে এসে কাজ বন্ধ করে দেন পুলিশ । কিন্তু পরবর্তীতে সেখান থেকে পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করা হয়।
এ অবস্থায় ধর্মীয় উপাসনালয় দখল করায় উপাসনা করতে পারছেন না খ্রিস্টান ধর্মীবলাম্বীরা। তাই আজ অনেকটাই নিরূপায় হয়ে মানববন্ধনে কর্মসূচি করতে বাধ্য হয়েছি আমরা। মানববন্ধন থেকে তাঁরা প্রার্থনালয় অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: