প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন
গতকাল শনিবার (৪ মে) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব (মো. তোফাজ্জল হোসেন) ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। এ সময় সৈয়দপুর বিমানবন্দরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সৈয়দপুর বিমানবন্দরে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা, নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তা, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মূখ্য সচিব দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন শপ ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে মূখ্যসচিব রেলওয়ে কারখানায় পৌঁছে প্রথমে মহান স্বাধীনতা যুদ্ধে রেলওয়ে কারখানার শহীদ কর্মকর্তা - কর্মচারীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য স্বাধীনতায় পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, রেলের অতিরিক্ত পরিচালক পার্থ সরকার, পশ্চিমাঞ্চল রেলের প্রধান যন্ত্র প্রকৌশলী মুহম্মদ কুদরত-ই খুদা, দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান, কার্য -ব্যবস্থাপক (ওয়ার্কস ম্যানেজার) শেখ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মূখ্য সচিব তোফাজ্জল হোসেন রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও কোচ মেরামতের বিষয়টি গুরুত্ব পায়। মতবিনিময় সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রেলের উন্নয়নে সব ধরণের সহযোগিতা দিয়ে আসছেন। তারই অংশ হিসাবে সৈয়দপুরে আরও একটি কোচ কারখানা তৈরি হবে। বিদ্যমান কারখানাটির ব্যাপক উন্নয়নের চিন্তভাবনা চলছে। এছাড়া দ্রুত জনবল সংকট নিরসন করে রেলওয়ের সক্ষমতা বাড়ানোর জন্য তাগিদ দেন। এরআগে মতবিনিময় সভার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সৈয়দপুর রেলওয়ে কারখানার সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধাক ( ডিএস) মো. সাদেকুর রহমান এ পর্বটি সঞ্চালনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এর আগে সকালে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ (কেলোকা) কারখানা পরিদর্শন করেন। এ সময় কেলোকার প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম মূখ্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: