সাপাহারে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
নওগাঁ জেলার ঔষধ প্রশাসন কর্তৃক হয়রানি মূলক মামলার প্রতিবাদে সাপাহার উপজেলার ঔষধ ব্যবসায়ীর প্রতিকী ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাপাহার শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে সাপাহার জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৪৪০টি ঔষধের দোকান মালিক এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় পপুলার মেডিকেল ষ্টোরের মালিক মোস্তাক আহম্মেদ জানান-যত্রতত্র নিয়ম বহির্ভূত মুদি দোকানে ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এবং ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর সংশোধন চাই। তিনি আরও জানান-আমাদের হয়রানী করে রাস্তায় ঠেলে দেওয়া হচ্ছে, আর ১০টা সাধারণ ব্যবসায়ীর মত আমরাও ব্যবসা করতে চাই; হয়রানি মূলক মামলা অব্যাহত চলতে থাকলে আমাদের এই ঔষধ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হবো।
কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল জানান, চিকিৎসক কর্তৃক আনরেজিষ্টার্ড প্রোডাক্টস্ ও ফুড সাপ্লিমেন্টস্ প্রেসক্রিপশনে লেখা বন্ধ করতে হবে। আমাদের ঔষধ ব্যবসায়ীরা যদি কোন অনিয়ম করে থাকে তাহলে প্রচলিত আইনে জরিমানা করবেন ঠিক আছে, কিন্তু ১০ লক্ষ টাকা জরিমানা আবার ১০ বছরের জেল দিয়ে হয়রানী করবেন এইটা ঠিক নয়। ঔষধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
উল্লেখ্য, নওগাঁ হাসপাতাল মোড় ও দয়ালের মোড়ে দুই ব্যবসায়ীর ১০লক্ষ টাকা জরিমানা এবং ১০বছরের জেল দেওয়া হয়েছে,বর্তমানে রাশেদ মেডিকেল ষ্টোরের মালিক রাশেদ কারাগারে এবং অন্যজন নওগাঁ হাসপাতাল মোড় ইনতিয়াজ মেডিকেল ষ্টোরের মালিক আবুল কালাম পলাতক রয়েছে।
অবিলম্বে ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করতে হবে এবং নওগাঁ জেলা ঔষধ পরিদর্শক তোফায়েল আহম্মেদ-কে অনতি বিলম্বে বদলি করতে হবে। আমাদের দাবী মানা না হলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার ডাকে নওগাঁ জেলার সকল ঔষধ ব্যবসাীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এর সমস্যা সমাধানে ঔষধ ব্যবসায়ীরা নওগাঁ জেলা প্রশাসক এর দৃষ্টি আকর্ষন করেছেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: