শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে আমরুল ডেমাজানী এলাকায় পারভেজ আহমেদ পিয়াস (১৫) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পিয়াস ফুলকোট কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে হলেও মায়ের সঙ্গে ডেমাজানী এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তার মা মোছাঃ পাপিয়া স্থানীয়দের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজভরপাড়ায় মোঃ মন্টুর বাসায় ভাড়া থাকতেন তারা। বুধবার সন্ধ্যায় পিয়াসের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে এক শিশু প্রথমে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ