সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। গত রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়া এলাকায় ওই আগুনের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখায় ছয়টি পরিবারের ১১টি আধাপাকা টিনসেট ঘর, নগদ অর্থ, চাল, মূল্যবান আসবাবপত্র কাপড়চোপড়, ইলেকট্টোনিক্স সামগ্রীসহ ২০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েয়ে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে সৈয়দপুর শহরের উল্লিখিত (বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়া) এলাকার জনৈক শফিকুল ইসলামের ভাড়াটিয়া বিধবা আসমা বেগমের শয়ন কক্ষ থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। আর এ আগুনের লেলিহান শিখা মুহুূর্তের মধ্যেই পাশে থাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ভাড়াটিয়া আসমা বেগমের ছাড়াও শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম ও মোকছেদুল ইসলামেরসহ ছয়টি পরিবারের ১১টি আধাপাকা টিনসেট ঘর এবং ঘরের মধ্যে থাকা মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, বৈদ্যূতিক সামগ্রীসহ সব কিছুই ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র নিজেদের পরণের কাপড় ছাড়া আর অন্য কোন কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের প্রচন্ড তাপের কারণে পরিবারগুলো ঘর থেকে তাদের কোন সহায় সম্বলই বের করার সুযোগ পায়নি। গভীর রাতে আগুনের বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থা থেকে কোন রকমে জীবনে রক্ষা পেয়েছেন।
আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। বর্তমানে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আবু হাশেম বলেন, আগুনের খবর পেয়ে তাঁর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পোঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। মশা নিধনের কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।
এদিকে, গভীর রাতে সংঘটিত আগুনের খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর সাবেক কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন এবং পৌর ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন ব্যক্তিগত পক্ষ থেকে আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়াও সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার ও কম্বল প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :