কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
সারাদিনের কর্মব্যস্ততা শেষে স্বজনদের খোঁজখবর নিতে ক্লিনিকে ছুটে গেলেন বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শুক্রবার সন্ধ্যায় তিনি নন্দীগ্রামের ফাতেমা ক্লিনিকে গিয়ে অসুস্থ ভাগিনা সেলিমকে দেখতে যান। কিন্তু শুধুমাত্র স্বজনের খোঁজখবরেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ক্লিনিকে উপস্থিত হয়ে এমপি মোশারফ হোসেন প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সার্বিক খোঁজখবর নেন। এসময় রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবা, ওষুধ ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়গুলোও মনোযোগ দিয়ে শোনেন।
হঠাৎ এমপির উপস্থিতিতে ক্লিনিকজুড়ে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। রোগী ও তাদের স্বজনরা তাদের সমস্যা ও অভিজ্ঞতার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পান। অনেকেই এমপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ক্লিনিক পরিদর্শন শেষে এমপি মোশারফ হোসেন বলেন, “মানুষ অসুস্থ হলে চিকিৎসা সেবা পাওয়াটা তার মৌলিক অধিকার। আমি চাই, নন্দীগ্রামের প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানে যেন মানসম্মত সেবা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, “চিকিৎসা শুধু ব্যবসা নয়, এটি একটি মানবিক সেবা। চিকিৎসকদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে রোগীদের সেবা প্রদান করেন।”
এসময় তিনি ক্লিনিকের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সেবার মান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
উক্ত সময় উপস্থিত ছিলেন ফাতেমা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বোরহান উদ্দিন শিপলু, ক্লিনিকের চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্য হিসেবে এমপি মোশারফ হোসেনের এই ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মাঝে নতুন আশার সঞ্চার করে এবং চিকিৎসা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নন্দীগ্রাম প্রতিনিধি