সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই সেলাইমেশিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ১০টি সেলাইমেশিন তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামামিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদ, উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর, সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিকুল ইসলাম মুসকরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সৈয়দপুর উপজেলা কমপ্লেক্সের পুকুর ও নতুন ঘাটলার শুভ উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে একটি মেহগনি গাছের চারা রোপন করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল থেকে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১২৬টি সেলাইমেশিন, বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনকে ২০টি মিনি গোলবার, বল ও নেট এবং মৃৎশিল্পের সঙ্গে জড়িত পাল সম্প্রদায়ের মানুষকে মাটি কাঁদা (গুড়া) করার কাজের জন্য দুইটি অত্যাধুনিক মেশিন প্রদান করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :