আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিল ভরাট, দুষন ও জলাবদ্ধতার কবলে পড়ছে। ভরাট ও জলাবদ্ধতায় বিলের বাঁধ সংলগ্ন কমপক্ষে পাঁচ শত বিঘা জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন বিল পাড়ের সান্দিড়া, দমদমা, তারাপুর, কাশিপুর, ছাতনি ও ঢেকড়া গ্রামের প্রান্তিক কৃষকরা। এছাড়া উপজেলার সান্তাহার পৌরসভা শহরের কয়েকটি এ্যাগ্রোফুড কারখানার বিষাক্ত পানিতে বিলটির পানি দুষিত হয়ে প্রায় মাছশুন্য হয়ে গেছে এক সময়ের পানি ও মাছে ভরপুর বিলটি। এমন দাবি করেছেন বিলপাড়ের দুই উপজেলা শত শত মৎস্যজীবী। বিষয়টি জানার পর আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা প্রশাসন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে নিয়ে বিলটি পরিদর্শন করেছেন। গত রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বিলটি পরিদর্শনের সময় ওই সব গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবীরা কান্নাজড়িত কন্ঠে সংসদ সদস্যের নিকট তাদের দুঃখ দুর্দশার কথা জানান। এসময় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের বলেন, আপনাদের অতিতের কষ্ট আর বেশি দিন ভোগ করতে হবে না। বর্তমান বিএনপি সরকার উন্নয়নের সরকার। এই সরকার কৃষক, মৎস্যজীবী, শ্রমজীবী ও মেহনতী মানুষের দুঃখ দুর্দশা দুর করার সরকার। আমি নির্বাচিত হবার পরই অনেক উন্নয়নমুলক প্রকল্পের পাশাপাশি আমাদের গর্ব ঐতিহাসিক রক্তদহ বিল উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। বিলটি খননের মাধ্যমে উন্নয়ন করে বিলের ডান পাশের বাঁধের উপর টেকসই চওড়া সড়ক নির্মান ও বিল কেন্দ্রিক বিনোদন স্পষ্ট করার জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি। আশা করছি অচিরেই প্রকল্পটি পাশ হবে। এই প্রকল্প পাশ ও সম্পন্ন হলে আপনাদের দুঃখ দুর্দশা আর থাকবে না এবং ঐতিহাসিক রক্তদহ বিল এলাকার অর্থনীতির চাকা ঘুড়িয়ে দিয়ে সৃষ্টি করবে এক নয়াদিগন্ত। ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনের সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রবিউল ইসলাম সহ বিএনপি দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ