নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ভোর রাত পর্যন্ত অব্যাহত থাকায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি এবং বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করেই আকাশ কালো করে প্রবল বেগে ঝড় শুরু হয়। এর সঙ্গে চলে টানা ভারী বর্ষণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পোতা হিন্দুপাড়া, সিধইল কলেজপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে অনেক বসতঘরের টিনের চালা উড়ে যায়। কাঁচা ও আধাপাকা ঘরের দেয়াল ভেঙে পড়ে বহু পরিবার খোলা আকাশের নিচে পড়ার উপক্রম হয়।এদিকে সিধইল গ্রামে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পরিবার। গ্রামের পুরোনো একটি বিশাল বট-পাইকুর গাছ ঝড়ের তীব্রতায় ভেঙে পড়ে মানিক মিয়ার বসতঘরের ওপর। এ সময় ঘরের ভেতরে মানিক মিয়া, তার মা, স্ত্রী, দুই ভাতিজা ও এক সন্তানসহ পরিবারের ৬ সদস্য অবস্থান করছিলেন। বিকট শব্দে গাছটি ঘরের ওপর আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সবাই প্রাণে বেঁচে যান। তবে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ক্ষতিগ্রস্তের বসতবাড়ি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলার কিছু কিছু স্থানে রাতভর বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় অন্ধকার নেমে আসে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাতেও বিঘ্ন দেখা দেয়। অন্যদিকে ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি ও শাকসবজির ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে লাউ, বেগুন, মরিচ ও অন্যান্য সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জমিতে পানি জমে কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, ঝড় ও ভারী বৃষ্টির কারণে কিছু শাকসবজি ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি। ইতোমধ্যে অধিকাংশ কৃষক ইরি-বোরো ধান কর্তন সম্পন্ন করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নন্দীগ্রাম প্রতিনিধি