বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ব্যতিক্রমধর্মী জব ফেয়ার যেখানে শুধুমাত্র জীবন বৃত্তান্ত দিয়েই নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে তাৎক্ষণিক চাকরি পেয়েছেন ১৮৮ জন চাকুরি প্রত্যাশী তরুণ-তরুণী। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বনানী গাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় প্রায় সাড়ে ৬'শ চাকুরিপ্রার্থী ব্যক্তি আবেদন করেন যাদের অধিকাংশই রেইজ প্রকল্প থেকে বিভিন্ন খাতে প্রশিক্ষিত জনগোষ্ঠী।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে এবং পিকেএসএফের সহযোগিতায় রেইজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধনের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রশাসক মেলায় থাকা সকল স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের সময় উন্নয়ন বঞ্চিত এই বগুড়ার শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়নি। বগুড়ার নাম শুনলেই সরকারি খাত তো পরে বেসরকারি সেক্টরেও চাকুরী পাননি আমাদের ছেলেমেয়েরা। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই জেলার সন্তান তাই আগামী দিনে কখনোই আর বগুড়াবাসীকে বৈষম্যের শিকার হতে হবে না। পর্যায়ক্রমে সকলের সু-কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সরকারের পাশাপাশি গাকের মতো স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যদি এভাবে এগিয়ে আসে তাহলে অবশ্যই এই ইতিবাচক যাত্রায় সফলতা আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি- আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপষ্টোন ফেলো-এনডিসি বলেন, গাক দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। রেইজ প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতে কর্মরত ও কর্মপ্রত্যাশী জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।প্রায় ২০টি স্টল নিয়ে অনুষ্ঠিত এই চাকুরি মেলায় নিজেদের যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিক চাকুরি পেয়েছেন মোট ১৮৮ জন চাকুরিপ্রার্থী। বাকি শতাধিক আবেদন এখনো পর্যালোচনায় রয়েছে। তাদের প্রত্যাশা মেধা ও যোগ্যতা বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক আবেদনকারীর চাকুরি এই মেলা থেকেই নিশ্চিত হবে। বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থান সৃষ্টির এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়াও চরাঞ্চলের ৩২ জন কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এই জব ফেয়ারে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাক্ষাৎকারে অংশগ্রহণ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সিভি রিভিউ সেবার সুযোগ গ্রহণ করেন। তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজক সংশ্লিষ্টদের।

ষ্টাফ রিপোর্টার