শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চোপিনগর ইউনিয়নের জয়ন্তিবাড়ী দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে আনোয়ার হোসেনকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আনোয়ার হোসেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গ্রামবাসীর অভিযোগ, বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের ডিও লেটার নিয়ে তিনি মাদ্রাসার সভাপতি হতে চেয়েছেন। এর প্রতিবাদে গ্রামের নারীরা ঝাড়ু হাতে মানববন্ধনে অংশ নেন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের সময় নকলের ঘটনায় ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছিলেন আনোয়ার হোসেন। এ ছাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থ আত্মসাৎ, বাঁধের গাছ বিক্রির অভিযোগও করেন তাঁরা।
তারা আরও বলেন, জয়ন্তিবাড়ী গ্রামে অনেক শিক্ষিত ও সৎ মানুষ রয়েছেন, যাঁদের হাতে মাদ্রাসাটি নিরাপদ থাকবে। তাঁরা আনোয়ার হোসেনকে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দেখতে চান না। এ সময় তাঁকে মাদ্রাসায় অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
মানববন্ধন বক্তব্য দেন চোপিনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য আবু ইউসুফ আলী, সামাজিক সংগঠর দিশারী ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।
এদিকে মাদ্রাসার সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রামবাসী বহিরাগত কাউকে সভাপতি হিসেবে চান না। আনোয়ার হোসেন তাঁর বাড়িতে আবেদনসহ ডিও লেটার দিতে এসেছিলেন। তবে তিনি তা গ্রহণ করেননি। তাঁকে মাদ্রাসায় এসে আবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে মানববন্ধন করা মানে সংসদ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করা। পরীক্ষাকেন্দ্রের ঘটনায় তিনি খালাস পেয়েছেন। পানি ব্যবস্থাপনা সমিতির অর্থ আত্মসাতের অভিযোগও অস্বীকার করেন তিনি। এ-সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে বলে দাবি করেন তিনি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ