ইরপিন ও সুমি শহর থেকে বের হচ্ছেন বেসামরিক লোকজন
ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছেন। এ শহরটিতে গত ক'দিন ধরে প্রচণ্ড লড়াই চলছিল।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ শহর ছেড়েছেন। ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের সুমি শহর থেকেও বেসামরিক লোকেরা বেরিয়ে যেতে শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এর আগে কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ খুলতে একমত হয় রাশিয়া ও ইউক্রেন।
এর আগেও এরকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি। এখন বলা হচ্ছে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

অনলাইন ডেস্ক