জার্মানিতে আবারও বেড়েছে মূল্যস্ফীতি
কয়েক মাসের নিম্নগতির পর জার্মানিতে মূল্যস্ফীতি আবার উর্ধ্বমুখী। ফেব্রুয়ারি ও মার্চেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
জানুয়ারিতে জার্মানিতে জীবন যাত্রার ব্যয় এক বছর আগের চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের প্রাথমিক উপাত্তে এই তথ্য পাওয়া গেছে। গত ডিসেম্বরে মূল্যস্ফীতির এই হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ।
জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বাড়লেও তা বিশ্লেষকদের আশঙ্কার চেয়ে কম ছিল। এই হার ৮ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে ধারণা দিয়েছিল গবেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট।
এদিকে জার্মানিতে বাড়লেও ইউরোজোনে নভেম্বর, ডিসেম্বরের মতো মূল্যস্ফীতি হ্রাসের ধারা জানুয়ারিতেও অব্যাহত ছিল।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির আকাশচুম্বি দরে ইউরোপজুড়ে মূল্যস্ফীতি উর্ধ্বমুখী হতে শুরু করে। তবে শীতের প্রকোপ কমায় এবং সরকারের নানামুখী উদ্যোগে দাম কমে আসে। এতে মূল্যস্ফীতির হারও কমতে শুরু করে।
অর্থনীতিবিদ সেবাস্তিয়ান ডুলিয়েনের মতে, জার্মানির মূল্যস্ফীতির হার বৃদ্ধি সাময়িক ও প্রত্যাশিত। ফেব্রুয়ারিতেও তা কিছুটা বাড়তে পারে। তবে গ্যাসের দামে সরকারের ভর্তুকির কারণে পরবর্তীতে এই হার কমে আসবে। তিনি মনে করেন, মূল্যস্ফীতি দুই অংকে পৌঁছানোর আশঙ্কাকে পেছনে ফেলে এসেছে ইউরোপের সবচেয়ে বড় এই অর্থনীতি।
সূত্র : ডয়চে ভেলে

অনলাইন ডেস্ক