সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ জানালেন ক্রীড়া সাংবাদিকরা
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও পরবর্তীতে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে অ্যাথলেটিকস ট্র্যাকে বসে সাংবাদিকরা এই প্রতিবাদ জানান। তাদের দাবি, অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তি দিতে হবে।
জামাল ভূঁইয়াদের অনুশীলন শেষে সাংবাদিকরা অ্যাথলেটিক্স ট্র্যাকে বসে পড়েন এবং যার যার বুম ও ক্যামেরা সামনে রেখে প্রতিবাদ জানান। কর্মসূচিতে সাংবাদিকরা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন রোজিনা ইসলাম, তা অপ্রত্যাশিত। যারা তাকে হেনস্থা করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত।
উল্লেখ্য, গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন রোজিনা ইসলাম। সেখানে হুট করেই তাকে একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। তার ফোন কেড়ে নেওয়া হয় এবং হেনস্থা করা হয়। একজন কর্মকর্তাকে তার গলা চেপে ধরতেও দেখা গেছে। একপর্যায়ে রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। আজ সকালে তোলা হয় আদালতে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অনলাইন ডেস্ক