টেকনাফের সাংবাদিক রাশেদুলের জামিন আপিল বিভাগে বহাল
কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার এনজিও কর্মী ও স্থানীয় সাংবাদিক রাশেদুল করিমকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে রাশেদুল করিমের জামিন বহাল রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহষ্পতিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। সাংবাদিকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু।
আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা রাখার অভিযোগে রাশেদুল করিমকে টেকনাফ থানা পুলিশ গ্রেপ্তার করে ২০১৯ সালের ৩ মে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাশেদুল গতবছর ২১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। এ অবস্থায় তার জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

অনলাইন ডেস্ক