দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হলো।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৮৪৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ৩৮১টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে নয়জন, খুলনা বিভাগে ১৯ জন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

অনলাইন ডেস্ক