সয়াবিন তেলে দাম কমলো লিটারে ৪ টাকা
কয়েক দফা দাম বাড়ার পর এবার কমল লিটারে ৪ টাকা সয়াবিন তেলের দাম। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলে দাম পড়বে ১৪৯ টাকা। খোলা তেল কিনলে দাম পড়বে ১২৫ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম সারা দেশে কার্যকর হবে।
ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৩০ জুন) সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঈদুল আজহা, করোনা পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে সয়াবিন তেলে দাম লিটারে ৪ টাকা কমলেও গত মাসের চেয়ে বেশি দামেই কিনতে হবে ভোক্তাদের।
এর আগে সবশেষ গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৫৩ টাকা হয় বিক্রি হয়।
লিটারে ৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হলেও ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম কমছে ১৬ টাকা। ৭২৮ টাকার পরিবর্তে বর্তমানে কেনা যাবে ৭১২ টাকায়। অন্যদিকে, প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১১২ টাকা থেকে কমে ১০৮ টাকা হচ্ছে।

অনলাইন ডেস্ক