ভারতের আরও ৩ রাজ্যে আম পাঠালেন প্রধানমন্ত্রী
ভারতের আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে রংপুরের হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীর জন্য ৯০০ কেজি আম হস্তান্তর করা হয়।
তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভারতে গোহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার তানভীর মনসুরের কাছে প্রধানমন্ত্রীর এ উপহার হস্তান্তর করেন।
এ সময় তানভির মনসুর জানান, আজই এই উপহার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে। এ উপহারের ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বলে তিনি আশা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি দিলিপ নাথ, তামাবিল পাথর চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিনসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক