পরীমণির সঙ্গে সাকলায়েনের ‘অন্তরঙ্গতা’ খতিয়ে দেখতে তদন্ত কমিটি
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ‘অন্তরঙ্গতার’ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ডিসিপ্লিন) মো. রেজাউল হক সমকালকে এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, পুলিশের অতিরিক্ত ডিআইজি মিয়া মো. মাসুদ করিম, ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) ও সিআইডির একজন প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।সাকলাইয়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগে এডিসি হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণি গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে ওই কর্মকর্তার সম্পর্ক ও এ সংক্রান্ত ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। এরপরই তাকে ওই পদ থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)-পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়।
অবশ্য পিওএম-পশ্চিম বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা সমকালকে বলেন, রোববার পর্যন্ত পুলিশের ওই কর্মকর্তা তার নতুন কর্মস্থলে যোগ দেননি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম সমকালকে বলেন, এডিসি গোলাম সাকলায়েনের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, সেটি নৈতিক স্খলনজনিত অপরাধ। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, গত জুনে উত্তরায় বোট ক্লাবে পরীমণির সঙ্গে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের ঝামেলার পর ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এরপর অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এডিসি গোলাম সাকলায়েন। মামলা তদন্তের কারণেই পরীমণির কাছাকাছি আসেন পুলিশের এ কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা সমকালকে বলেছেন, সাকলায়েনের সঙ্গে পরীমণির কত দিনের সম্পর্ক, কীভাবে তিনি সম্পর্কে জড়ালেন, মামলার তদন্তে এ সম্পর্কের কোনো প্রভাব পড়েছে কি-না, এসব বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
পাশাপাশি ডিবিতে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকালে তিনি অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িয়েছিলেন কি-না, সে বিষয়ে যাচাই করা হবে।

ষ্টাফ রিপোর্টার