এক দশকে দেশে অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশক ধরে দেশে অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে দেশের অর্থনীতি এখনও ভালো অবস্থানে আছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশে নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামেলিয়ার্সের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করতে পেরে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের যুগোপযোগী ও সাহসী পদক্ষেপ ঘোষণা করেছেন। বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম কর্মসূচি গ্রহণ করেছেন।
অর্থমন্ত্রী বিগত ১০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশেষ করে কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্প সমূহে ইফাদের অনুদান সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সহজ শর্তে ঋণ প্রদান, ফুড প্রসেসিং, ভবিষ্যতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জিইএফ, জিসিএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগী তহবিল হতে বাংলাদেশের অর্থায়নের জন্য ইফাদকে অনুরোধ জানানো হয়।
পাঁচ বছর মেয়াদি ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ সমূহ মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশে ইফাদের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জানান, ইফাদের ১২তম পরিপূরণে বাংলাদেশের চাঁদার পরিমাণ বৃদ্ধি করে ২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে।
পৃথিবীতে যখন এক বিলিয়ন মানুষ ছিল তখনও পৃথিবীর বহু মানুষ অভুক্ত থাকতো, কিন্তু আজ সাড়ে সাত বিলিয়নের উপরের মানুষের পৃথিবীতেও মানুষ অভুক্ত থাকে না বললেই চলে; এক্ষেতে ইফাদ, এফএও এর মতো আন্তর্জাতিক সংস্থাসহ কৃষি উন্নয়নের সাথে জড়িত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের অবদানের ভূয়সী প্রসংশা করেন অর্থমন্ত্রী।
সভার প্রারম্ভে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ইফাদ জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা। ১৯৭৯ সালে বাংলাদেশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সদস্যপদ প্রাপ্তির পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক তথা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ ইফাদের সদস্য পদ প্রাপ্তির পর থেকে মোট ক্রমপুঞ্জিত বিনিয়োগের পরিমাণ ২.৩ মিলিয়ন মার্কিন ডলার। ইফাদ এ পর্যন্ত বাংলাদেশের ৩৪টি প্রকল্পে ঋণ ও অনুদান সহায়তা প্রদান করেন। এ বিনিয়োগের ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি তথা ১১.৭ মিলিয়ন পরিবার উপকৃত হয়েছে। ৩৪টি প্রকল্পের মধ্যে অদ্যাবধি ২৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। বর্তমানে চলমান ৭টি প্রকল্প কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, ইফাদের Country Strategic Opportunities Programme (COSOP) এর বর্তমান মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। পরবর্তী COSOP (২০২৩-২০২৮)-এ বাংলাদেশের জেন্ডার, পুষ্টি, জলবায়ু চ্যালেঞ্জ ও আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে ইফাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে।
বাংলাদেশে নিযুক্ত ইফাদের নতুন কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামেলিয়ার্স ৮ সদস্যের প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেন। তিনি আগামী ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
আর্নো হ্যামেলিয়ার্স বলেন, খাদ্য নিরাপত্তা অর্জন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, জেন্ডার, পুষ্টি, আদিবাসী জনগণের জীবন মানের উন্নয়ন ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ইফাদের কারিগরি জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও অভিজ্ঞতার আলোকে দরিদ্র, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাজে লাগিয়ে কৃষি প্রবৃদ্ধি বৃদ্ধি, গ্রামীণ এলাকার কর্মসংস্থান সৃষ্টিসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে ইফাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক