বার কাউন্সিলের এমসিকিউ ও লিখিত পরীক্ষা জুন-জুলাইয়ে
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। সংস্থাটির সচিব মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার অনলাইন ফরম পূরণের কাজ শুরু হবে আগামী ২৭ মার্চ থেকে, চলবে ঠিক এক মাস ২৭ এপিল পর্যন্ত। আর এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।
তালিকাভুক্তির লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে।
পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এসংক্রান্ত বিস্তারিত তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা মোকাবেলা করতে হয় আইন শিক্ষানবিশদের। এ পরীক্ষায় উত্তীর্ণদেরই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

অনলাইন ডেস্ক