চিকিৎসকরা বিদেশে গিয়ে ভালো চিকিৎসা দিতে পারলেও দেশে কেন নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের চিকিৎসকরা বিদেশে গিয়ে ভালো চিকিৎসা দিতে পারলেও বাংলাদেশে কেন পারবে না। দেশে আন্তর্জাতিকমানের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া স্বাস্থ্যখাতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান শেখ হাসিনা।
সোমবার (৬ জুন) রাজধানীর মহাখালীতে ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে’ (বিসিপিএস) প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
চিকিৎসকদের উদ্দেশে সরকার প্রধান বলেন, আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায়, ওষুধের থেকেও ডাক্তারের দুটো কথায় কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে তোলে বা তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এটা শুধু পেশা হিসেবে না, মানুষের সেবা আপনারা করেন। সেই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন। সেটাই আমরা আশা করি। আপনারা মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকবেন; এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানেই আপনারা সব থেকে সুখ পাবেন বলে আমি মনে করি।
শেখ হাসিনা স্বাস্থ্যসেবায় গবেষণার ওপর জোর দেওয়ার কথা জানান। চিকিৎসার জন্য শুধু ঢাকায় আসতে হবে, নিজ উপজেলায় বসে চিকিৎসার গ্রহণের ব্যবস্থা করছেন সরকার। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি বলতে পারি, মানবতাবোধ নিয়ে এ দেশের মানুষকে কীভাবে আমার মতো করে সেবা করে যাবো সেটাই আমার লক্ষ্য। সেটাই মানুষকে দিয়ে যাচ্ছি। ক্ষমতাটা আমার কাছে একটা সুযোগ—বাংলাদেশের জনগণের সেবা করার। এখানে প্রধানমন্ত্রী হিসেবে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয়, বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করার এবং তাদের সেবার একটা সুযোগ আমি মনে করি।

অনলাইন ডেস্ক