মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভাকক্ষে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনের পর্যবেক্ষরা কিভাবে কাজ করবে ও বিভিন্ন আইন কানুনের বিষয়ে ইসির পক্ষ থেকে জানানো হবে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা পরিচালনা মিশন পরিচালনা করবে। প্রতিনিধি দলে ৯ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছেন।
এদিকে, সোমবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদলের প্রতিনিধিরা সিরিজ বৈঠক করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে। এসব বৈঠকে তারা জানতে চেয়েছেন আগামী নির্বাচন বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কিনা। বিদ্যমান ব্যবস্থার বাইরে নির্বাচনকালীন সরকার হতে পারে কিনা এমন বিষয়ও তারা নেতাদের কাছে জানতে চেয়েছেন।
এর আগে, চলতি বছরের গত ৮-২৩ জুলাই ঢাকা সফরে করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। তারা বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক শেষে নিজ দেশে ফিরে যান। পরবর্তীতে ইইউ থেকে বিবৃতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার মতো কোনো পরিবেশ নেই। সে কারণে তারা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না। শুধু নির্বাচনের তথ্য সংগ্রহ করার জন্য সীমিত আকারের গবেষকদল পাঠাতে পারে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।
সর্বশেষ ২০২২ সালের ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

অনলাইন ডেস্ক